বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গত ১৭ বছর ধরে বাংলাদেশে কোনো রাজনৈতিক পরিবেশ ছিল না। তিনি বলেন, “রাজনীতি বন্দী ছিল কারাগারে, রাজনীতি বন্দী ছিল লন্ডনে, রাজনীতি বন্দী ছিল শিলংয়ে। এ রকম উন্মুক্ত পরিবেশে রাজনীতি করার সুযোগ ছিল না।” শনিবার (২৩ আগস্ট ২০২৫) বিকেলে কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজ মাঠে চকরিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ জানান, দেশ এখন নির্বাচনমুখী হয়ে উঠেছে এবং আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হবে। তিনি বলেন, “দেশে নির্বাচনের মৌসম শুরু হয়ে গেছে। বাংলাদেশের নির্বাচন পৃথিবীর মধ্যে একটি নজির স্থাপনকারী নির্বাচন হবে। সংস্কারের মধ্য দিয়ে দেশের জনগণের আশার প্রতিফলন হবে।” তিনি দলীয় কর্মীদের ঘরে ঘরে গিয়ে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’-এর পক্ষে ভোট চাওয়ার আহ্বান জানান।
আরও পড়ুন: বর্তমান পরিস্থিতিতে পিআর পদ্ধতিতে নির্বাচন উপযোগী নয়
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের তীব্র সমালোচনা করে সালাহউদ্দিন বলেন, “শেখ হাসিনা বা আওয়ামী লীগ এ দেশের রাজনীতি বা এ দেশের কেউ নয়, সেটা তারাই প্রমাণ করেছে। শেখ হাসিনা ভারতের লোক। আওয়ামী লীগ একটি মাফিয়া ও সন্ত্রাসী দল। তাদের নিজেদের দলের ভিতরেই কোনো গণতন্ত্র ছিল না।” তিনি আরও বলেন, সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, কারণ তাদের কার্যক্রম ফ্যাসিবাদী ছিল।
চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব এম মুবারক আলীর সঞ্চালনায় এই সম্মেলন ও কাউন্সিলে প্রায় ৫০,০০০ নেতাকর্মী অংশ নেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমেদ, এবং কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামিম আরা স্বপ্না।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































