আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হবে বলে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ভাষণে তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারি প্রথমার্ধে একইদিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না।”
প্রধান উপদেষ্টা আরও জানান, “নির্বাচন আরও উৎসবমূখর ও সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে।”
জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত জাতীয় সনদের আওতায় রাষ্ট্রীয় সংস্কার প্রস্তাবগুলো জনগণের অনুমোদনের জন্য এই গণভোটের আয়োজন করা হচ্ছে। একইদিনে নির্বাচন ও গণভোট আয়োজনের মাধ্যমে সরকার খরচ কমানোর পাশাপাশি জনগণের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্য নিয়েছে বলে জানা গেছে।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































