বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করছেন। তিনি মনে করেন, গোটা দেশের মানুষ একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের অপেক্ষায় রয়েছে, কিন্তু বর্তমান পরিস্থিতি সেই প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ নয়। শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “দেশে যেভাবে রাজনৈতিক ব্যক্তিদের হত্যা করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের কয়েকজন নেতাকর্মীকে খুন ও হত্যা করা হয়েছে—এসব ঘটনার আমরা তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি।”
তিনি সরকারের দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানিয়ে বলেন, “আমরা আশা করব, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করবে। দেশের শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব।”
ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার রাজনৈতিক অভিজ্ঞতায় কখনো দেখিনি ছাত্র সংসদ বা বিশ্ববিদ্যালয় নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলেছে। ভবিষ্যতেও এর ব্যতিক্রম হবে বলে আমি মনে করি না।”
ঠাকুরগাঁওয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন নিয়ে মির্জা ফখরুল বলেন, “তারেক রহমানের এই সফর সম্পূর্ণ ব্যক্তিগত। অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবহেলিত ও পিছিয়ে পড়া অঞ্চলগুলোর উন্নয়ন ও শিল্পায়নের জন্য নানা উদ্যোগ নিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় তারেক রহমানও দেশ ও মানুষের কল্যাণে একই দৃষ্টিভঙ্গিতে চিন্তা করবেন।”
আরও পড়ুন: সভ্য রাষ্ট্রে গণকবর কল্পনা করা যায় না: প্রধান উপদেষ্টা
তিনি আরও বলেন, “ভবিষ্যতে যদি আমরা ক্ষমতায় এসে সরকার গঠন করতে পারি, তাহলে নিঃসন্দেহে দেশের পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে উন্নয়নের ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।” এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































