প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, র্যাব আগের মতো থাকছে না এবং এর নামও সম্ভবত পরিবর্তন হতে পারে। আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন উপস্থিত ছিলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, “র্যাব বিলুপ্তি নিয়ে যেটা বলা হয়েছে, এখনো এক অর্থে র্যাব আগের মতো করে থাকছে না। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন, র্যাবের জন্য একটা নতুন আইন হবে।”
তিনি আরও বলেন, “এতদিন র্যাব পুলিশ ব্যাটালিয়নের একটা অপশনের অধীনে কাজ করছিল। এখন পূর্ণাঙ্গ আইন হচ্ছে, যেখানে র্যাবের সবকিছু আরও বেশি সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত থাকবে। সুতরাং বিএনপির র্যাব বিলুপ্তির দাবির এক অর্থে সেইভাবে র্যাব থাকছে না এবং নামও সম্ভবত পাল্টে যাচ্ছে।”
আরও পড়ুন: আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
উপদেষ্টা জানান, স্বরাষ্ট্রমন্ত্রী এই নতুন আইন প্রণয়নের জন্য সক্রিয়ভাবে কাজ করছেন।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































