প্রধানমন্ত্রী-তারেক রহমান-newsedge24

চলতি অর্থবছরের ১২তম এবং বিএনপি সরকারের চতুর্থ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা চলছে। সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজন মাহমুদ এ তথ্য জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, একনেক সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে ১২টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। এসব প্রকল্পে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ১০৬ কোটি টাকা। অবকাঠামো, পানিসম্পদ, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, স্থানীয় সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সামাজিক নিরাপত্তা খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে।

সভায় প্রায় ৪ হাজার কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের আনোয়ারায় ৮০০ একর জমিতে চীনা অর্থনৈতিক অঞ্চল স্থাপন প্রকল্প অনুমোদন পেতে পারে। প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরের আগে এ প্রকল্প অনুমোদনের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: মেঘনা নদীর পানি হবে ঢাকার ভরসা: মির্জা ফখরুল

এছাড়া শিশু স্বাস্থ্য সুরক্ষায় ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প-২’ (সম্ভাব্য ব্যয় ৩৪৪ কোটি টাকা), আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন এবং সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণসহ কয়েকটি বড় প্রকল্পও অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *