স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার বাংলাদেশে স্টারলিংক সফলভাবে চালু করার জন্য সরকারি কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করেছেন। শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
লরেন ড্রেয়ার বলেন, “আমরা ১৫০টি দেশ ও অঞ্চলে কাজ করি। আমরা এত দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ আগে কখনও দেখিনি। স্পেসএক্সের সব সহকর্মীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। আমরা আপনার লোকজনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছি।”
প্রধান উপদেষ্টা বাংলাদেশ সফরের জন্য লরেন ড্রেয়ারকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এখন বর্ষাকাল, দেশের এক মনোরম সময়। সুন্দর পরিবেশ। চারদিকে সবুজ আর পানি। কিন্তু বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতির বাস্তবতাও আছে। সেজন্য আমাদের ভালো কানেক্টিভিটির স্বার্থে নির্ভরযোগ্য প্রযুক্তির প্রয়োজন।”
তিনি পার্বত্য অঞ্চলের দূরবর্তী এলাকায় উন্নত কানেক্টিভিটি ও ১০০টি স্কুলে অনলাইন শিক্ষা চালুর পরিকল্পনা উল্লেখ করেন। অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে ড. ইউনূস বলেন, “আমরা ডিজিটাল স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিচ্ছি, যাতে দূরবর্তী এলাকার মানুষ অনলাইনে চিকিৎসকের পরামর্শ পায়। প্রেগনেন্সি পিরিয়ডে এটি নারীদের জন্য কার্যকর হবে।” প্রবাসীদের জন্যও ডিজিটাল স্বাস্থ্যসেবা উপকারী হবে বলে তিনি জানান।
আরও পড়ুন: প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্যপদ পুরনের নির্দেশ প্রধান উপদেষ্টার
লরেন ড্রেয়ার অধ্যাপক ইউনূসের দৃষ্টিভঙ্গির প্রশংসা করে বলেন, “আপনি যে দৃষ্টান্ত তৈরি করছেন, তা অন্য নেতাদের সঙ্গে শেয়ার করা যাবে।” দুর্নীতি প্রতিরোধে তাঁর উদ্যোগও প্রশংসনীয় বলে মনে করেন তিনি।
বৈঠকে রিচার্ড গ্রিফিথস (স্পেসএক্স), জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, ফয়েজ আহমদ তৈয়্যব ও চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপস্থিত ছিলেন।
তথ্যসুত্রঃ বাসস






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































