বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রেক্ষাপটে সমানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, যারা পিআর পদ্ধতির পক্ষে কথা বলছেন, তাদের উদ্দেশ্য হলো নির্বাচন বিলম্বিত বা বানচাল করা। শনিবার (২৮ জুন, ২০২৫) রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এনালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক (ব্রেইন) আয়োজিত ‘সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে নিয়ে স্মারক প্রকাশনা’ শীর্ষক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে জিয়াউর রহমানের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের পর সালাহউদ্দিন আহমেদ জিয়াউর রহমানের ওপর সংকলিত স্মারকগ্রন্থ এবং তাঁকে নিয়ে তৈরি ইন্টারনেট আর্কাইভের উদ্বোধন করেন। তিনি বলেন, “বাংলাদেশ এখন সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু সংস্কার এমন পর্যায়ে পৌঁছেছে যে, আমি সংস্কৃতি উপদেষ্টাকে বলেছিলাম, ‘হে সংস্কার, তোমাকে পাওয়ার জন্য আর কতকাল আলাপ-আলোচনা করতে হবে?’ জাতীয় ঐকমত্য কমিশনের নিয়ত যদি সবাইকে তাদের প্রস্তাব মেনে নিতে বাধ্য করা হয়, তাহলে কীভাবে ঐকমত্য হবে?”
সালাহউদ্দিন আরও বলেন, “আমরা আলোচনার মাধ্যমে জাতির মঙ্গলের জন্য কাছাকাছি আসছি। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। জাতীয় ঐক্যমত্য কমিশন এমন সংস্কার চাইছে যেন কেউ তা বিলুপ্ত করতে না পারে। কিন্তু সংবিধান কোনো ধর্মগ্রন্থ নয়। আমাদের সংস্কার এমন হওয়া উচিত যা ১০-২০ বছর পর নতুন প্রজন্মের চাহিদা অনুযায়ী পরিবর্তনযোগ্য।” তিনি জোর দিয়ে বলেন, বিএনপি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, এবং স্থানীয় নির্বাচনের জন্য এখন উপযুক্ত সময় নয়।
অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী, প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক নিলুফার চৌধুরী মনি, সরকারি কর্ম কমিশনের সদস্য চৌধুরী সায়মা ফেরদৌস, লেখক মুসা আল হাফিজ, ভয়েস ফর রিফর্ম প্ল্যাটফর্মের সহ-আহ্বায়ক ফাহিম মাশরুর, এবং কবি তুহিন খান বক্তব্য রাখেন। সাঈদ আবদুল্লাহ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































