বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাড়ির নামজারির কাগজ হস্তান্তর করেছে সরকার। বুধবার (৪ জুন ২০২৫) রাত নয়টার দিকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান খালেদা জিয়ার হাতে এই কাগজ তুলে দেন। এ সময় গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার গণমাধ্যমকে জানান, আদিলুর রহমান খানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রায় আধা ঘণ্টা অবস্থান করেন। তিনি এটিকে সৌজন্য সাক্ষাৎ হিসেবে উল্লেখ করেন। নামজারির কাগজ হস্তান্তর প্রসঙ্গে তিনি বলেন, উপদেষ্টা কিছু কাগজ এনেছিলেন এবং সেগুলো হস্তান্তর করেছেন, তবে এগুলো কী ধরনের কাগজ, তা তিনি নিশ্চিতভাবে জানেন না।
১৯৮১ সালের ৩১ মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তাঁর স্ত্রী খালেদা জিয়াকে গুলশানে দেড় বিঘা জমির ওপর অবস্থিত এই বাড়ি বরাদ্দ দেওয়া হয়। বাড়িটি খালেদা জিয়ার বর্তমান বাসস্থান ‘ফিরোজা’র কাছেই। এছাড়া, ঢাকা সেনানিবাসে আরেকটি বাড়িও তাঁকে বরাদ্দ দেওয়া হয়েছিল, যা পরবর্তীতে আওয়ামী লীগ সরকার বাতিল করে।
সরকারি সূত্র জানায়, গুলশানের এই বাড়ি খালেদা জিয়ার নিয়ন্ত্রণে থাকলেও এটি তাঁর নামে নামজারি করা ছিল না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাড়িটি খালেদা জিয়ার নামে নামজারি করা হয়। গণপূর্ত মন্ত্রণালয়ের সূত্র জানায়, নামজারির প্রক্রিয়া আগেই সম্পন্ন হয়েছিল, তবে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে কাগজ হস্তান্তরের আনুষ্ঠানিকতা কিছুটা বিলম্বিত হয়। অবশেষে আজ এই প্রক্রিয়া সম্পন্ন হলো।



























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































