বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান শুক্রবার এক বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের জাতির উদ্দেশে প্রদত্ত ভাষণে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, ড. ইউনূস ঘোষণা করেছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। এই ঘোষণা জাতিকে আশ্বস্ত করেছে এবং ঘোষিত সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জাতি আশা করছে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, জাতির প্রত্যাশা হলো সংস্কার, বিচার ও নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর ভিত্তি করে এবং ‘জুলাই সনদ’ প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে সক্ষম হবে।



























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































