রুহুল কবির রিজভী-newsedge24

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে কোন কোন রাজনৈতিক দল ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২৩ জুন ২০২৫) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, “এই ঘটনাকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুস্পষ্টভাবে বলেছেন, কেউ কোনো বিশৃঙ্খলা করতে পারবে না। কেউ ভাঙচুর বা দখলদারিত্বের সঙ্গে জড়িত থাকলে দল তাকে শাস্তি দিয়েছে।”

তিনি জানান, বিএনপি ইতোমধ্যে চার থেকে পাঁচ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, যার মধ্যে রয়েছে বহিষ্কার, শোকজ, তিরস্কার এবং সতর্কীকরণ। তিনি বলেন, “এই পদক্ষেপগুলোর মাধ্যমে প্রমাণিত হয় বিএনপি বাংলাদেশে শান্তি, গণতন্ত্র ও সুষ্ঠু সমাজব্যবস্থা গঠনের লক্ষ্যে কাজ করে। আমরা কোনো বেআইনি আচরণ বরদাস্ত করি না।”

রিজভী সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার গ্রেপ্তার ও তার সঙ্গে আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া আচরণকে ‘দুঃখজনক’ আখ্যা দিয়ে বলেন, “এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। বিএনপির পক্ষ থেকে আমি স্পষ্টভাবে বলছি, যারা অপরাধী, তাদের আইন অনুযায়ী বিচার হবে। আইনের বাইরে কেউ অসৎ আচরণ করলে, বিএনপি তা বিশ্বাস করে না।”

রিজভী প্রশ্ন তুলে বলেন, “আদালত প্রাঙ্গণে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। এমন স্পর্শকাতর জায়গায়, যেখানে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হওয়ার কথা, সেখানে বেআইনি কাজ কীভাবে হয়? আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো সেখানে কী করছিল?” সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিকে গউছসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

রোববার (২২ জুন ২০২৫) সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাকে গ্রেপ্তারের পর আদালত প্রাঙ্গণে তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনা ঘটে। এই ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিএনপি এই ঘটনার নিন্দা জানিয়ে আইনের শাসন ও ন্যায়বিচারের পক্ষে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *