biman-বিমান-newsedge24

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই ইঞ্জিনে ত্রুটির কারণে ফিরে এসে নিরাপদে অবতরণ করেছে। শুক্রবার সকালে বিমানের বিজি ৫৮৪ ফ্লাইটে এই ঘটনা ঘটে। বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এই এয়ারক্রাফটে ১৫৪ জন যাত্রী এবং ৭ জন ক্রু সদস্য ছিলেন। বিমানবন্দরের নির্বাহী পরিচালক মো. মাহমুদুল হাসান মাসুন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাইটটি সকাল ৮টা ৩৮ মিনিটে ঢাকা থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের পর প্রায় ২৫০০ ফিট উচ্চতায় পৌঁছানোর পর বিমানের ক্যাপ্টেন ইঞ্জিন-সংক্রান্ত সমস্যা শনাক্ত করেন এবং ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। এরপর বিমানটি সকাল ৮টা ৫৯ মিনিটে নিরাপদে অবতরণ করে এবং বিমানবন্দরের বে-১৪ নম্বরে পার্ক করা হয়।

প্রাথমিকভাবে বার্ড স্ট্রাইকের আশঙ্কায় অবতরণের পর রানওয়ে পরিদর্শন করা হয়। তবে, রানওয়েতে কোনো পাখির চিহ্ন বা অনাকাঙ্ক্ষিত বস্তু পাওয়া যায়নি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কারিগরি পর্যালোচনার পর ফ্লাইটটির পরবর্তী যাত্রার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। বিমানে থাকা সকল যাত্রী ও ক্রু সদস্য নিরাপদ এবং সুস্থ রয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বিমানবন্দর কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *