বাংলাদেশ থেকে আমদানি পণ্যের শুল্ক ৩৫ নির্ধারণ করলেন ট্রাম্প-newsedge24

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক ২ শতাংশ কমিয়ে ৩৫ শতাংশ নির্ধারণ করেছেন। আগামী ১লা আগস্ট থেকে এই নতুন শুল্ক কার্যকর হবে। সোমবার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এই ঘোষণা দিয়েছেন ট্রাম্প। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বাংলাদেশ মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের চিঠি পেয়েছে। মঙ্গলবার সকালে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি বলেন, শুল্ক নিয়ে আলোচনা এখনো চলমান রয়েছে।

শফিকুল আলম আরও জানান, বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। এই প্রতিনিধি দলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও রয়েছেন। তিনি বলেন, “গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের চিঠি পাওয়া গেছে, যেখানে ১লা আগস্ট থেকে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয়েছে।”

আরও পড়ুন: আমেরিকার নয়া শুল্কনীতি: বুধবারের মধ্যে বড় ঘোষণার আভাস

তিনি জানান, বাংলাদেশি প্রতিনিধি দল মার্কিন পক্ষের সঙ্গে ইতোমধ্যে কয়েক দফা আলোচনা করেছে। আগামী ৯ই জুলাই আরেক দফা আলোচনার কথা রয়েছে, যেখানে শেখ বশিরউদ্দিন নেতৃত্ব দেবেন। “ঢাকা ওয়াশিংটনের সঙ্গে একটি শুল্ক চুক্তির অপেক্ষায় রয়েছে, যা উভয় দেশের জন্য লাভজনক হবে বলে আমরা আশা করি,” বলেন তিনি।

উল্লেখ্য, গত ৩রা এপ্রিল ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেন। সে সময় বাংলাদেশি পণ্য আমদানিতে ৩৭ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়, যা আগে গড়ে ১৫ শতাংশ ছিল। শুল্ক কমানোর জন্য বাংলাদেশের দেনদরবারের ফলে এবার ২ শতাংশ হ্রাস করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *