মুজিবুল হক চুন্নু -newsedge24

জাতীয় পার্টির (একাংশ) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আওয়ামী লীগের অধীনে নির্বাচনে অংশ নিয়ে তারা কোনো বে-আইনি কাজ করেননি। তবে নৈতিকভাবে কোনো ভুল বা ভ্রান্তি হয়ে থাকলে, তিনি দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। শনিবার (৯ আগস্ট ২০২৫) রাজধানীর ইমানুয়েল পার্টি সেন্টারে জাতীয় পার্টির ১০তম জাতীয় কাউন্সিলে তিনি এ কথা বলেন।

চুন্নু বলেন, “গত প্রায় চার বছর আমি জাতীয় পার্টির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছি। এ সময়ে আমার ভুলভ্রান্তি থাকতে পারে। যদি কোনো ভুল বা ভ্রান্তি হয়ে থাকে, তাহলে এই কাউন্সিলে দাঁড়িয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাই। আমরা রাজনীতি করতে গিয়ে দলীয় সিদ্ধান্তে সব সময় হয়তো সঠিক পথে থাকতে পারিনি।”

মুজিবুল হক আরও বলেন, “আমরা বিগত অনেক নির্বাচনে অংশ নিয়েছি। অনেক সময় বিভিন্ন দল আমাদের কটূক্তি করে, আমাদের স্বৈরাচারের সহযোগী বা বিভিন্ন দলের সহযোগী হিসেবে আখ্যায়িত করে। তবে জাতীয় পার্টি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। আমরা একটি আধুনিক গণতান্ত্রিক দল হিসেবে দেশের মানুষকে নিয়ে এগিয়ে যেতে চাই।”

মুজিবুল হক চুন্নু সব রাজনৈতিক দল ও সরকারের কাছে সহযোগিতা চেয়ে বলেন, “আমরা সব নিয়ম-কানুন মেনে রাজনীতি করতে চাই। বাংলাদেশের সকল রাজনৈতিক দল ও সরকারের কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করি।”

আরও পড়ুন: জিএম কাদেরকে বাদ রেখে জাপার কাউন্সিল আহ্বান

জাতীয় পার্টির ১০তম জাতীয় কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। কাউন্সিলের সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন, মহাসচিব শেখ শহীদুল ইসলাম, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *