বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি সতর্ক করে বলেন, ভোট নিয়ে অন্তর্বর্তী সরকার কোনো ষড়যন্ত্র করলে বিএনপি নয়, দেশের জনগণই তা প্রতিহত করবে।
শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) সকালে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কর্মজীবী দলের আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: টাকা ছাপিয়ে অর্থনীতি চালানো অসম্ভব: আমীর খসরু
জয়নুল আবদীন বলেন, “৫ আগস্ট রক্ত দিয়ে যারা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, তাদের রক্তের উপর দাঁড়িয়ে অনেকে নতুন রাজনীতি শুরু করেছে। ভোটের অধিকারের জন্য ১৬ বছর ধরে দেশের মানুষ অপেক্ষা করেছে। কিন্তু স্বাধীনতাবিরোধীরা মানুষের ভোটাধিকার নষ্ট করতে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চাইছে।”
তিনি আরও বলেন, “ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যদি একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন উপহার দিতে না পারে, তাহলে তার নাম ইতিহাসে কলঙ্কিত হয়ে থাকবে।”

























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































