রুহুল কবির রিজভী-newsedge24

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কাউকে মনোনয়নের জন্য সবুজ সংকেত দেয়নি বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, “দলীয় প্রার্থী চূড়ান্ত হবে পার্লামেন্টারি বোর্ডে।” মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে গণমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি এ কথা বলেন।

রিজভী জানান, “কোনো নির্বাচনী এলাকায় কোনো প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হয়নি। প্রত্যাশীদের মধ্যে যার দলীয় কার্যক্রমে পারফরমেন্স ভালো, তাকেই মনোনীত করা হবে। বিএনপির মনোনয়ন প্রক্রিয়া গঠনতান্ত্রিকভাবে হয়, কোনো সবুজ সংকেতের মাধ্যমে নয়।” তিনি স্পষ্ট করেন, পার্লামেন্টারি বোর্ড, যা স্ট্যান্ডিং কমিটি হিসেবে পরিচিত এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সভাপতিত্বে পরিচালিত, তার সিদ্ধান্তই চূড়ান্ত। তফসিল ঘোষণার পর কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া গণমাধ্যমে প্রকাশিত মনোনয়নের খবরে বিভ্রান্ত না হওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিটি এলাকায় ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। তিনি ভার্চুয়ালি বা ঢাকায় সরাসরি মনোনয়নপ্রত্যাশী ও নেতাকর্মীদের বলছেন, “দল যাকে মনোনয়ন দেবে, তার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।” রিজভী জোর দিয়ে বলেন, গণমাধ্যমে প্রকাশিত সম্ভাব্য প্রার্থী তালিকা বা মনোনয়নের খবর মনগড়া এবং বিভ্রান্তিকর। তিনি বলেন, “তারেক রহমান নেতাকর্মীদের ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখতে এবং জনগণের সঙ্গে সংযুক্ত থাকতে বলছেন। জনগণ বিরক্ত হয় এমন কোনো কাজে নেতাকর্মীরা জড়াবেন না।”

তারেক রহমানের নির্দেশে নেতাকর্মীরা সারাদেশে ডোর-টু-ডোর গিয়ে ৩১ দফার মুক্তির সনদ তুলে ধরছেন। লিফলেট বিতরণ ও বিস্তারিত ব্যাখ্যার মাধ্যমে তারা জনগণের সঙ্গে যোগাযোগ করছেন। রিজভী বলেন, “জনগণই বিএনপির শক্তির উৎস। তাদের ভালোবাসা থাকলে কোনো প্রোপাগান্ডা আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না।”

আরও পড়ুন: ব্যক্তিগত স্বার্থে দলের নাম ব্যবহার রুখতে হবে: তারেক রহমান

তিনি অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কুচক্রী মহল গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচারণা চালিয়ে বিএনপির মধ্যে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, “এরা গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্রে লিপ্ত। কিছু মিডিয়া মিথ্যা তালিকা প্রকাশ করে দলের ঐক্য নষ্ট করতে চাইছে।” তিনি স্পষ্ট করেন, বিএনপি নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে এবং যাচাই-বাছাই করে জনপ্রিয় ও যোগ্য ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, আবদুস সাত্তার পাটোয়ারি প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *