সড়ক অবরোধ-newsedge4

খাগড়াছড়িতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চলমান প্রতিবাদী আন্দোলন নতুন মোড় নিয়েছে। ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের। এর জেরে ‘জুম্ম ছাত্র-জনতা’ সংগঠন পাঁচ দিনের অবরোধ আগামী ৫ অক্টোবর পর্যন্ত প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার রাত ৯টায় ফেসবুকে বিজ্ঞপ্তি জারি করে সংগঠনের মিডিয়া সেল এই সিদ্ধান্ত জানায়।

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের গাইনি ডা. জয়া চাকমার নেতৃত্বে পরিচালিত কিশোরীর মেডিকেল পরীক্ষার রিপোর্টে সবকিছু স্বাভাবিক বলে উল্লেখ রয়েছে। রিপোর্টে স্বাক্ষর করেছেন ডা. জয়া চাকমা, ডা. মীর মোশাররফ হোসেন এবং ডা. নাহিদ আক্তার। সিভিল সার্জন ডা. ছাবের বলেন, “মেডিকেল বোর্ডের প্রতিবেদন আমার হাতে পেয়েছি। এটি পুলিশ সুপার কার্যালয়ে পাঠানো হয়েছে।”

এদিকে, আইনশৃঙ্খলা উন্নয়নের ওপর ভিত্তি করে চলমান ১৪৪ ধারা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। তিনি বলেন, “আপাতত ১৪৪ ধারা জারি থাকবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রত্যাহারের সিদ্ধান্ত নেব।” খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, “সহিংসতায় ক্ষতিগ্রস্তরা মামলা করতে চাইলে আমরা নেব। না চাইলে পুলিশ বাদী হয়ে মামলা করব। কোনো দুষ্কৃতকারীকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে কাজ করছে।”

ধর্ষণ অভিযোগের প্রতিবাদে সংঘর্ষের ফলে এখন পর্যন্ত ৩ জন নিহত এবং ১৩ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ২৮ জনেরও বেশি আহত হয়েছেন। গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়া শেষে ফেরার পথে কয়েকজন যুবক কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগীর বাবা সদর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় শয়ন শীল (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুন: খাগড়াছড়িতে ভারত এবং পতিত ফ্যাসিস্টদের উস্কানি আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসামিদের গ্রেপ্তার ও বিচারসহ ৮ দফা দাবিতে তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালীন অবরোধ ডেকে ‘জুম্ম ছাত্র-জনতা’ আন্দোলন শুরু করে। মঙ্গলবার রাত ১১টা থেকে অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে। জেলা প্রশাসক বলেন, “পরিবেশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *