ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী মন্তব্য করেছেন, অরাজকতা ঠেকানোর সময় পুলিশ সদস্যদের সঙ্গে যেভাবে আচরণ করা হয়েছে, তা ‘অত্যন্ত দুঃখজনক’। তিনি বলেন, “আমি অনুরোধ করব—আমার অফিসারদের সঙ্গে এ ধরনের আচরণ করবেন না।”
বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী বলেন, “পুলিশ যখন অরাজকতা ঠেকানোর চেষ্টা করছিল, তখন আমার অফিসারদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা সত্যিই দুঃখজনক। রাজপথে যারা এমন আচরণ করেন, তাদের প্রতি অনুরোধ—আমার অফিসারদের সঙ্গে দয়া করে এমন আচরণ করবেন না।”
তিনি আরও বলেন, “আমরা জনগণকে সেবা দিতে চাই। আপনারা যে কাজটি করতে চাচ্ছিলেন, সেটার কারণে অরাজকতাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা ছিল। গণঅভ্যুত্থান হয়ে গেছে, সরকারের পরিবর্তন হয়েছে। এখন যদি আবার এ ধরনের কার্যকলাপ হয়, তাহলে দেশে অস্থিরতা দেখা দেবে।”
আরও পড়ুন: এবারও বিজয় দিবসে প্যারেড হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
ডিএমপি কমিশনারের মতে, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এখন জরুরি, আর এজন্য পুলিশের সঙ্গে সহযোগিতা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।

























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































