মেজর সিনহা হত্যা মামলায় প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ডের রায়-newsedge4

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক মো. লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ডও বহাল রেখেছেন আদালত।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেন। এখন ৩০ দিনের মধ্যে দণ্ডিত আসামিরা আপিল বিভাগে আপিল করতে পারবেন।

যাবজ্জীবন দণ্ড বহাল হওয়া আসামিরা হলেন- সাবেক এসআই নন্দদুলাল রক্ষিত, কনস্টেবল রুবেল শর্মা, কনস্টেবল সাগর দেব, মো. নুরুল আমিন, মোহাম্মদ আইয়াজ এবং মো. নিজাম উদ্দিন। প্রত্যেকের ৫০ হাজার টাকা জরিমানার আদেশও বহাল রয়েছে।

২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন মেজর সিনহা। ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রদীপ ও লিয়াকতকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। বাকি সাত আসামি খালাস পান। পরে ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে হাইকোর্ট এ রায় বহাল রাখেন।

আরও পড়ুন: মেজর সিনহা হত্যা মামলায় প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ডের রায়

মামলার বাদী মেজর সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, “ন্যায়বিচারের পথে আরেক ধাপ এগিয়েছে। আশা করি, আপিলেও এই রায় বহাল থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *