দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছানো ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটে তার গাড়িবহর স্মৃতিসৌধে প্রবেশ করে।
রাষ্ট্রীয় অতিথিকে স্বাগত জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক), পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, সেনাবাহিনীর নয় পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম আসাদুল হক, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, ঢাকার জেলা প্রশাসক রেজাউল করিম ও ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
ভুটানের প্রধানমন্ত্রী তোবগে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিন বাহিনীর সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন তিনি। পরে স্মৃতিসৌধের দর্শনার্থী বইয়ে স্বাক্ষর এবং বকুল গাছের চারা রোপণ করেন। প্রায় ২০ মিনিট অবস্থান শেষে ঢাকার উদ্দেশে স্মৃতিসৌধ ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেরিং তোবগে।
শনিবার সকালে ড্রুক এয়ারের বিমান সকাল ৮টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাকে স্বাগত জানান। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতা সংক্ষিপ্ত বৈঠক করেন, যেখানে প্রধানমন্ত্রী তোবগে শুক্রবারের ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। বৈঠকের পর তোপধ্বনি এবং গার্ড অব অনার প্রদান করা হয়।
দুপুরে বাংলাদেশের পররাষ্ট্র ও বাণিজ্য উপদেষ্টাদের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক হয়। বিকেল ৩টায় প্রধান উপদেষ্টার দপ্তরে তিনি ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠকে বসেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী তোবগের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়েছে।
ভুটানের প্রধানমন্ত্রীর শেরিং তোবগে এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং ভূমিকম্পোত্তর সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































