জুলাই-আগস্টে রামপুরায় ২৮ জনের হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত বিন আলমকে বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।ঢাকা সেনানিবাসের বিশেষ কারাগার থেকে প্রিজনভ্যানে করে কড়া নিরাপত্তায় তাদের ট্রাইব্যুনালে আনা হয়।
ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে আজ চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠনের ওপর শুনানি হবে।
আসামিরা
- হাজির (কারাগারে): ১. লে. কর্নেল রেদোয়ানুল ইসলাম (বিজিবি) ২. মেজর মো. রাফাত বিন আলম (বিজিবি সাবেক)
- পলাতক: ৩. মো. রাশেদুল ইসলাম (ডিএমপি খিলগাঁওর সাবেক এডিসি) ৪. মো. মশিউর রহমান (রামপুরা থানার সাবেক ওসি)
পলাতক দুজনের পক্ষে ২৪ নভেম্বর ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স কাউন্সেল নিয়োগ দিয়েছে। হাজির দুই আসামির পক্ষে আইনজীবী মাসুদ সালাহউদ্দিন ভার্চুয়ালি শুনানি বা হাজিরার আবেদন করেছেন—এ বিষয়েও আজ শুনানি হতে পারে। ট্রাইব্যুনাল ও হাইকোর্ট এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা। অতিরিক্ত পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়েছে।
মামলার পটভূমি
ছাত্র-জনতার গণআন্দোলনের সময় রামপুরায় বিজিবি কর্মকর্তা রেদোয়ানুল ইসলামকে সরাসরি গুলি করতে দেখা যায়। অন্য আসামিরাও হত্যাকাণ্ডে নেতৃত্ব দেন বলে অভিযোগ। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রসিকিউশন চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। গত ২২ অক্টোবর দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
আরও পড়ুন: ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন জেড আই খান পান্না
আজ অভিযোগ গঠন হলে মামলার বিচারিক প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































