স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “নরসিংদীর আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে শিগগিরই সেনাবাহিনী, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অভিযান পরিচালিত হবে।” বুধবার (১০ ডিসেম্বর) সকালে নরসিংদী পুলিশ লাইন্সে অস্ত্রাগার, হাসপাতাল, রেশনসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি বলেন, “ইতিমধ্যে কারাগার থেকে লুণ্ঠিত বহু অস্ত্র উদ্ধার করা হয়েছে, অপরাধীরাও আইনের আওতায় এসেছে। পূর্বে যেখানে টেঁটা ব্যবহৃত হতো, সেখানে এখন আধুনিক অস্ত্রের ব্যবহার বেড়েছে। সন্ত্রাসী-অপরাধীদের আড্ডা বেশি হওয়ায় কম্বিং অভিযানের মাধ্যমে শান্তি ফিরিয়ে আনা হবে।”
আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “জনগণের মতোই আমাদের ভাবনা—সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। পুলিশের মনোবল বেড়েছে, প্রশিক্ষণের মান আরও বাড়াতে হবে।”
আরও পড়ুন: নির্বাচন সুষ্ঠু ও সর্বজনগ্রাহ্য করতে প্রস্তুতি চলমান: স্বরাষ্ট্র উপদেষ্টা
দিনব্যাপী সফরে স্বরাষ্ট্র উপদেষ্টা জেলা কারাগার পরিদর্শন করেন এবং জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ-প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন।




























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































