প্রধান উপদেষ্টা-মুহাম্মদ ইউনূস-newsedge4

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীকে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, “নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য অত্যন্ত দুঃখজনক। জড়িতদের দ্রুত আইনের শাস্তিতে আনতে হবে।”

তিনি আহত ওসমান হাদীর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করতে বলা হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, “নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কোনো সহিংসতা বরদাশ্ত করা হবে না। জনগণের নিরাপত্তা ও প্রার্থীদের অবাধ চলাচল নিশ্চিত করা আমাদের দায়িত্ব। দোষীরা যেই হোক, আইনের আওতায় আসবে।”

জুমার নামাজের পর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় দুই-তিন জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে ওসমান হাদীর বাম কানের নিচে গুলি করে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, তার অবস্থা গুরুতর এবং বি-নেগেটিভ রক্তের প্রয়োজন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক বলেন, “দুপুর আড়াইটার পর তাকে হাসপাতালে আনা হয়। বাম কানের নিচে গুলিবিদ্ধ, অবস্থা আশঙ্কাজনক।” ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, “বিজয়নগরের পানির ট্যাঙ্ক এলাকায় তাকে গুলি করা হয়েছে। আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। দোষীদের দ্রুত গ্রেপ্তার করা হবে।”

আরও পড়ুন: ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ

প্রধান উপদেষ্টা সকল রাজনৈতিক পক্ষ, কর্মী-সমর্থক ও নাগরিকদের শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *