প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে) মোহাম্মদ খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদার খোদা বকশ চৌধুরীর পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে।
গত বছরের নভেম্বরে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তিনজনকে প্রতিমন্ত্রীর মর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেন। তাদের মধ্যে পুলিশের সাবেক আইজি খোদা বকশ চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়।
বিএনপি জোট সরকারের শেষ সময়ে ২০০৬ সালের নভেম্বরে তিনি আইজিপির দায়িত্ব পান। পরবর্তীতে সেনা-সমর্থিত ফখরুদ্দীন আহমেদের তত্ত্বাবধায়ক সরকার তাকে ওই দায়িত্ব থেকে সরিয়ে দেয়।
আরও পড়ুন: প্রধান বিচারপতি হিসেবে পেলেন নিয়োগ জুবায়ের রহমান চৌধুরী
খোদা বকশের পদত্যাগের কারণ স্পষ্টভাবে জানা যায়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পদত্যাগপত্রে তিনি ‘ব্যক্তিগত কারণে দায়িত্ব পালনে অপারগ’ উল্লেখ করেছেন।

























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































