চট্টগ্রাম বন্দর-newsedge24

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সংঘাত শুরুর ঠিক আগে হরমুজ প্রণালি অতিক্রম করে আসা ৮টি জ্বালানি বোঝাই জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। রোববার সকালে বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম এ তথ্য নিশ্চিত করেছেন। এসব জাহাজ ২৮ ফেব্রুয়ারির আগে প্রণালি পার হয়েছে, যার ফলে দেশের জ্বালানি সরবরাহে আপাতত কিছুটা স্বস্তি ফিরেছে। চারটি জাহাজে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং বাকি চারটিতে ডিজেলসহ বিভিন্ন জ্বালানি পণ্য রয়েছে।

বন্দর সূত্র জানায়, এই জাহাজগুলো নির্ধারিত সময়সূচি মেনে পৌঁছেছে। খুব শিগগিরই খালাস কার্যক্রম শুরু হবে, যা দেশের জ্বালানি মজুত বৃদ্ধিতে সহায়ক হবে। সংঘাত শুরুর পর হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় পরবর্তী জাহাজগুলো সৌদি আরব, কাতার, দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দরে আটকে রয়েছে। তবে সংঘাতের আগে যাত্রা করা এসব জাহাজ ধীরে ধীরে বাংলাদেশে পৌঁছাতে শুরু করেছে, যা জ্বালানি সরবরাহ পরিস্থিতি সামাল দেওয়ায় সহায়ক।

আরও পড়ুন: দেশের তেলের বাজার অস্থিরতা: সরবরাহে সীমা বেঁধে দিল বিপিসি

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বৈশ্বিক জ্বালানি সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় সতর্ক অবস্থান নিয়েছে। গত শুক্রবার থেকে জ্বালানি তেল বিক্রিতে দৈনিক সীমা আরোপ করা হয়েছে, যাতে প্যানিক কেনাকাটা রোধ করা যায় এবং মজুত নিয়ন্ত্রণে রাখা যায়। এই সীমা অনুসারে মোটরসাইকেলে ২ লিটার, প্রাইভেট কারে ১০ লিটার, এসইউভি/জিপ/মাইক্রোবাসে ২০-২৫ লিটার, পিকআপ/লোকাল বাসে ৭০-৮০ লিটার এবং দূরপাল্লার বাস/ট্রাক/কনটেইনারে ২০০-২২০ লিটার জ্বালানি কেনা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *