প্রধানমন্ত্রী তারেক রহমান আজ জুমার নামাজের পর রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
প্রধানমন্ত্রী হাসপাতালে পৌঁছে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সার্বিক খোঁজ-খবর নেন। তিনি কিছুক্ষণ তার শয্যাপাশে অবস্থান করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। চিকিৎসকদের সঙ্গেও তার বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হবে। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে (এনইউএইচ) তাকে ভর্তি করা হবে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।
এর আগে বৃহস্পতিবার রাতে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান। তারা মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানেন।
উল্লেখ্য, গত বুধবার ইফতারির সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে নিউরো আইসিইউতে চিকিৎসাধীন।
প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎ ও সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনা ও পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতির অংশ হিসেবে দেখা হচ্ছে।



























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































