লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী আরও ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক বৃহস্পতিবার দেশে পৌঁছেছেন। বৃহস্পতিবার ভোর পাঁচটায় বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তাদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বয়ে লিবিয়া সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় এই প্রত্যাবাসন সম্পন্ন হয়েছে।
প্রত্যাবাসিতদের অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে লিবিয়া প্রবেশ করেছিলেন। সেখানে অনেকে অপহরণ, নির্যাতন এবং দুর্বিষহ জীবনের শিকার হয়েছেন বলে জানা গেছে।
আরও পড়ুন: রেকর্ড পরিমান টিকার মজুত সংগ্রহ করেছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আইওএম-এর কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। এ সময় প্রত্যাবাসিতদের উদ্দেশে তাদের দুর্ভোগের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে শেয়ার করে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যেককে পথখরচ, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের সহায়তা প্রদান করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা বাকি বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের কার্যক্রম চলমান রয়েছে।




























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































