মোহাম্মদ মসিউর রহমান-010298-NewsEdge24 copy

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের শীর্ষ পদ থেকে হঠাৎ সরিয়ে দেওয়া হয়েছে মোহাম্মদ মসিউর রহমানকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি রাজনৈতিক স্লোগানকে ‘হাদিস’ বলে অভিহিত করার পর থেকেই যে বিতর্ক তৈরি হয়েছিল, তারই পরিণতি হিসেবে এসেছে এই সিদ্ধান্ত।

গতপ্রশাসন মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার রাতে প্রজ্ঞাপন জারি করে মসিউর রহমানকে ডিটিসিএর নির্বাহী পরিচালকের দায়িত্ব থেকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে। আজ বুধবার প্রকাশিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, চুক্তিভিত্তিক নিয়োগে থাকা এই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হলো। তবে কেন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

ঘটনার সূত্রপাত হয় গত ১ নভেম্বর। মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় ছয়টি রুটে পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন মসিউর রহমান। সেখানে তিনি প্রধানমন্ত্রীর স্লোগান নিয়ে বলেন, “আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে স্লোগানটি দেন, এটিকে আমি যদি বলি এটি হাদিস তাহলে পরে আপনারা মনে করবেন আমি ওনাকে তেল মারতেছি পরবর্তী পোস্টিংয়ের জন্য। তবে এটি একটি শাশ্বত বাণী।”

এরপর তিনি যোগ করেন, “আমার আগে আমরা সবার আগে দেশ।  এটা হাদিস, এটা হাদিস, এটা শাশ্বত বাণী। এটা হুজুররা বললে হাদিস হয়ে যেত। উনার মুখে দাড়ি নাই, টুপি পরে না—এ জন্য হাদিস হয় নাই, এটা হাদিস।”

আরও পড়ুন: ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

এই মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনা শুরু হয়। অনেকেই ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার অভিযোগ তোলেন। সেই আলোচনার মধ্যেই এসেছে তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত।

একইসঙ্গে ডিটিসিএর নতুন নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসানকে। তিনি এখন থেকে সংস্থার দায়িত্ব সামলাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *