খালেদা জিয়ার ঢাকায় প্রত্যাবর্তন-newsedge24

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তাঁকে স্বাগত জানাতে দলের নেতা-কর্মীরা বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পথে পথে অভ্যর্থনার প্রস্তুতি নিয়েছেন। তবে, সাধারণ নাগরিকদের চলাচলে যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সে জন্য ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে।

সোমবার ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী এক গণবিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত গুলশান-বনানী থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে জনসাধারণকে ফুটপাতে অবস্থান করার অনুরোধ করা হয়েছে। রাস্তায় অবস্থান না করে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ফুটপাতে অবস্থান নিশ্চিত করতে বিএনপির প্রতি আহ্বান জানানো হয়েছে। এছাড়া, সাধারণ যানবাহন চলাচলের জন্য বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

ডিএমপির বিকল্প পথের নির্দেশনা

  • আবদুল্লাহপুর-গাবতলী রুট: কামারপাড়া, ধউর ব্রিজ, পঞ্চবটী, মিরপুর বেড়িবাঁধ হয়ে গাবতলী দিয়ে চলাচল।
  • ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: সরাসরি এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার।
  • উত্তরা-মিরপুর রুট: হাউস বিল্ডিং, জমজম টাওয়ার, ১২ নম্বর সেক্টর খালপাড়, মেট্রোরেল উত্তরা উত্তর/সেন্টার স্টেশন, মিরপুর ডিওএইচএস বা ১৮ নম্বর সেক্টর-পঞ্চবটী-মিরপুর বেড়িবাঁধ দিয়ে চলাচল।
  • গুলশান-বাড্ডা-প্রগতি সরণি: কাকলী, গুলশান-২, কামাল আতাতুর্ক সড়কের পরিবর্তে গুলশান-১, পুলিশ প্লাজা, আমতলী, মহাখালী হয়ে মহাখালী র‌্যাম্প দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার।
  • মহাখালী বাস টার্মিনাল: ময়মনসিংহ-টাঙ্গাইলগামী যানবাহন মিরপুর-গাবতলী রোড ব্যবহার করবে।
  • এলিভেটেড এক্সপ্রেসওয়ে র‌্যাম্প: বনানী, কাকলী র‌্যাম্পের পরিবর্তে মহাখালী বা এফডিসি র‌্যাম্প ব্যবহার।

ঢাকা সেনানিবাস ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে
ঢাকা সেনানিবাস কর্তৃপক্ষ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত জিয়া কলোনি, জাহাঙ্গীর গেট, সৈনিক ক্লাব, স্টাফ রোডে শুধু হালকা যানবাহন চলাচলের অনুমতি দিয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলকে টোল পরিশোধপূর্বক ৪০ কিমি/ঘণ্টা গতিসীমা মেনে বাঁ পাশের সেফ লেনে চলাচলের অনুমতি দিয়েছে। ওভারস্পিড ও লেন পরিবর্তন রোধে ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে।

রেল সুবিধা
ঢাকা-জয়দেবপুর রুটে চলাচলকারীদের ট্রেন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত সব আন্তনগর ট্রেন টঙ্গী, এয়ারপোর্ট ও তেজগাঁও স্টেশনে ২ মিনিট থামবে। এছাড়া, কমলাপুর-টঙ্গী রুটে অতিরিক্ত একটি শাটল ট্রেন চালানো হবে।

অভ্যর্থনাকারীদের জন্য নির্দেশনা

  • অভ্যর্থনাকারীদের ব্যাগ, লাঠি বা অনুরূপ বস্তু বহন না করার অনুরোধ করা হয়েছে।
  • কোনো যানবাহন নিয়ে খালেদা জিয়ার গাড়িবহরে যুক্ত হওয়া যাবে না।
  • মোটরসাইকেল নিয়ে গুলশান-বনানী থেকে বিমানবন্দর রুটে জনসমাগমের মধ্যে চলাচল নিষিদ্ধ। তবে, জনসমাগম না থাকলে সাধারণ যানবাহনের সঙ্গে মোটরসাইকেল চলতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *