খলিলুর রহমান-newsedge4

ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে বাংলাদেশি নাগরিক দাবি করে ভারত থেকে সীমান্ত দিয়ে মানুষকে জোরপূর্বক প্রবেশ (পুশ-ইন) করানোর ঘটনাকে ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। বুধবার (৭ মে ২০২৫) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ড. খলিল বলেন, “ভারত থেকে জোর করে মানুষ প্রবেশ করানোর খবর আমরা পাচ্ছি। দেশের নাগরিক হলে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় তা জানাতে হবে। এ ধরনের ঘটনা গ্রহণযোগ্য নয়।” নয়াদিল্লির কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশ-ভারত সীমান্তে জোরপূর্বক প্রবেশের বিষয়টি দিল্লির নোটিশে আনা হয়েছে। তাদের বলা হয়েছে, কোনো বাংলাদেশি নাগরিক হলে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় তাদের পাঠানো যেত।”

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানান, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ও খাগড়াছড়ি সীমান্ত দিয়ে প্রায় শতাধিক মানুষকে পুশ-ইনের ঘটনা ঘটেছে বলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থেকে রিপোর্ট পাওয়া গেছে। কুড়িগ্রামে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের রৌমারী বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার সোহেল রানা গণমাধ্যমকে জানান, সীমান্ত এলাকা থেকে ৩০ জনকে আটক করা হয়েছে। তারা দাবি করেছেন, বিএসএফ সদস্যরা বুধবার ভোরে তাদের ভারত থেকে বাংলাদেশে পাঠিয়েছে।

ড. খলিল আরও বলেন, “আমাদের সিদ্ধান্ত স্পষ্ট। যদি প্রমাণ হয় তারা বাংলাদেশের নাগরিক, তাহলে আমরা তাদের গ্রহণ করব। তবে এটি হতে হবে আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে। ‘পুশ-ইন’ কোনো অবস্থাতেই সঠিক পদ্ধতি নয়।” তিনি জানান, প্রতিটি পুশ-ইন ঘটনা পৃথকভাবে যাচাই করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *