গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাত ২টা ২৪ মিনিটে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে মাঝারি মানের ভূমিকম্পন অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২। তবে তাৎক্ষণিকভাবে বাংলাদেশে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্পন ও পর্যবেক্ষণ কেন্দ্র এবং ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্যের মইরাং এলাকায়, ভূপৃষ্ঠের ৪৬.৬ কিলোমিটার গভীরে। ভৌগোলিক অবস্থান অনুযায়ী, এর অভিকেন্দ্র ছিল ২৪.৪৯ অক্ষাংশ এবং ৯৩.৭৮১৬ দ্রাঘিমাংশে, যা ঢাকা থেকে প্রায় ৩৫৪ কিলোমিটার দূরে।
ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল, ঢাকা এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে হালকা কম্পন অনুভূত হয়। ভারত ও মিয়ানমারেও এই কম্পন অনুভব করা গেছে। এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটি অপেক্ষাকৃত কম গভীরে সংঘটিত হওয়ায় এর প্রভাব বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে। জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।




























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































