সাবেক আইজিপি শহীদুল হক-newsedge24

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, তাঁর স্ত্রী শামসুন্নাহার রহমান, ছেলে রাকিব বিন শহীদ এবং মজিদ-জরিনা ফাউন্ডেশনের নামে থাকা ২৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার (২ জুন) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। এসব হিসাবে মোট ১ কোটি ১২ লাখ ৮ হাজার ৮৫৩ টাকা রয়েছে।

দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম এই হিসাবগুলো অবরুদ্ধ করার জন্য আবেদন করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৩টি ব্যাংক হিসাবের মধ্যে শহীদুল হকের নামে ৯টি, তাঁর স্ত্রীর নামে ৪টি, ছেলের নামে ২টি এবং মজিদ-জরিনা ফাউন্ডেশনের নামে ৮টি হিসাব রয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, শহীদুল হকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম, অপরাধমূলক অসদাচরণ এবং অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। অনুসন্ধানে জানা গেছে, তিনি অপরাধলব্ধ অর্থ ব্যাংক হিসাব থেকে উত্তোলন, হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। এ কারণে এসব হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন। আবেদনে আরও বলা হয়, এই হিসাবগুলো ফ্রিজ না করা হলে বিচারকালে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না, যা রাষ্ট্রের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হতে পারে।

শহীদুল হক ২০১৪ সালের ৩০ ডিসেম্বর থেকে ২০১৮ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর তদন্তে দুদক তথ্য-প্রমাণ সংগ্রহ করছে। এই আদেশের ফলে তাঁর এবং পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবে থাকা অর্থের লেনদেন বন্ধ থাকবে, যতক্ষণ না আদালতের পরবর্তী নির্দেশনা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *