জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান-newsedge24

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও সংস্কারের মাধ্যমে অনুষ্ঠিত হওয়ার উপর জোর দিয়ে বলেছেন, “আমরা যেনতেন নির্বাচন চাই না। দেশের বিভিন্ন জায়গায় ইদানীং রাজনীতির নামে অপকর্ম আর লুটপাট লক্ষ্য করছি। সংশ্লিষ্ট দলগুলোকে বলবো—সাবধান হোন, নিজেদেরকে সামলান। নইলে জনগণই আপনাদেরকে সামলিয়ে দেবে ইনশাআল্লাহ।”

শনিবার (৫ জুলাই ২০২৫) সকাল সোয়া ৭টায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী যাওয়ার পথে জামায়াতে ইসলামীর এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পথসভাটি কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাহবুবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

ডা. শফিকুর রহমান আরও বলেন, “নতুন-পুরাতন বুঝি না, আগামীতে যেকোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশেষ করে যে যুবকরা রক্ত দিয়ে, জীবন দিয়ে আমাদের কাছে বাংলাদেশ আমানত রেখে গেছে, আমরা সেই রক্তের সাথে কাউকে বেইমানি করতে দেব না ইনশাআল্লাহ।” তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের ত্যাগের মাধ্যমে অর্জিত স্বাধীনতাকে কলঙ্কিত করতে দেওয়া হবে না।

পথসভায় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মোহাম্মদ মাসুম, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মোহাম্মদ শাজাহান, উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, মহানগর জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ মোছলেহ উদ্দিন, অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আরও পড়ুন: জামায়াত আমিরের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা

ডা. শফিকুর রহমান জোর দিয়ে বলেন, দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য মৌলিক সংস্কার ও পরিবেশ তৈরি করা প্রয়োজন। তিনি সাম্প্রতিক সময়ে দেশের কিছু রাজনৈতিক দলের দখল ও লুটপাটের ঘটনার সমালোচনা করে বলেন, জনগণের অধিকার রক্ষায় জামায়াতে ইসলামী কঠোর অবস্থান নেবে।

প্রসঙ্গত, ডা. শফিকুর রহমান ফেনীতে রুকন সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে কুমিল্লায় পৃথক চারটি পথসভায় বক্তব্য রাখেন। তিনি দেশে বৈষম্যহীন, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *