রাজধানীর সূত্রাপুরের কাগজিটোলা এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (১১ জুলাই, ২০২৫) ভোর রাতে এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক।
দগ্ধরা হলেন— রিপন (৩৫), তার স্ত্রী চাঁদনী (২৮), এবং তাদের তিন সন্তান রোকন (১৪), তামিম (২২) ও আয়েশা (১)। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক জানান, রিপন ও রোকনের শরীরের ৬০ শতাংশ, তামিমের ৪২ শতাংশ, চাঁদনীর ৪৫ শতাংশ এবং এক বছর বয়সী শিশু আয়েশার শরীরের ৬৩ শতাংশ দগ্ধ হয়েছে।
তিনি আরও জানান, আহত সকলকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। চিকিৎসকরা তাদের জীবন রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।




























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































