রাষ্ট্রীয় সম্মাননা পাচ্ছেন মাইলস্টোনের নিহত দুই শিক্ষক

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত দুই শিক্ষক মাহরিন চৌধুরী এবং মাসুকা বেগমকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, এই রাষ্ট্রীয় সম্মাননার বিস্তারিত শিগগিরই নির্ধারণ করা হবে।

বৈঠকের শুরুতে দুর্ঘটনায় নিহত ৩৩ জনের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। নিহতদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। সরকার নিহতদের পরিবার এবং আহতদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তার সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে।

আরও পড়ুন: মাইলস্টোন স্কুলের চিকিৎসাধীন আরেক শিক্ষার্থীর মৃত্যু

নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আগামী শুক্রবার (২৫ জুলাই ২০২৫) সারাদেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। ধর্ম মন্ত্রণালয় এ বিষয়ে সমন্বয় করবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *