রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘৩৬ জুলাই উদযাপন’ অনুষ্ঠানের সময় স্পিকারের তার থেকে আগুন ধরে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট, ২০২৫) বিকালে এ ঘটনা ঘটে। আগুনের ঘটনার পর দুপুর ২টা ১৭ মিনিটে অনুষ্ঠানের সঞ্চালক মাইক্রোফোনে সবাইকে শান্ত থাকার এবং স্পিকার বক্স থেকে দূরে সরে যাওয়ার অনুরোধ জানান।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, “স্পিকারের তারে আগুন ধরে। ঘটনাস্থলে ইতোমধ্যে একটি ফায়ার ফাইটিং ইউনিট উপস্থিত ছিল এবং তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়।” আয়োজক ও স্বেচ্ছাসেবকরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: মানিক মিয়া অ্যাভিনিউতে ‘৩৬ জুলাই উদযাপন’ শুরু
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, “মানিক মিয়া অ্যাভিনিউয়ের ঘটনায় এখন পর্যন্ত ৮ জন জরুরি বিভাগে এসেছেন। তাদের সবার সামান্য দগ্ধ হয়েছে।” তিনি আরও বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে, জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এদিন দুপুর সোয়া ১২টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান, জুলাই ঘোষণাপত্র পাঠ, ড্রোন শো এবং আর্টসেলের কনসার্টের মতো নানা আয়োজন ছিল।




























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































