জ্যৈষ্ঠ সেনা কর্মকর্তার

বাংলাদেশ সেনাবাহিনীর একজন চাকরিরত জ্যৈষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাবেক একজন সেনা কর্মকর্তার স্ত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে উচ্চপদস্থ তদন্ত বোর্ড গঠন করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অভিযোগকারী নারী, যিনি একজন প্রাক্তন সেনা কর্মকর্তার সাবেক স্ত্রী, প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক ভিডিওতে দাবি করেন, কোরবানি ঈদের রাতে তার স্বামীর অনুপস্থিতিতে ওই ব্রিগেডিয়ার তাকে ধর্ষণ করেন। তিনি আরও জানান, পরে তিনি ওই ব্রিগেডিয়ারকে বিয়ে করেন এবং সন্তান সম্ভবা হলে নির্যাতনের কারণে তার পেটের সন্তান নষ্ট হয়। কিছুদিন পর ব্রিগেডিয়ার তাকে তালাক দেন। অভিযোগকারীর প্রাক্তন স্বামী, যিনি মেজর পদমর্যাদায় চাকরিতে ছিলেন, একটি ডাকাতির মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।

সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযোগটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের আগেই তারা বিষয়টি সম্পর্কে অবগত ছিল এবং তদন্ত শুরু করেছিল। অভিযোগকারীর সামাজিক মর্যাদা ও ঘটনার সংবেদনশীলতা বিবেচনায় সেনা আইন অনুযায়ী সতর্কতার সঙ্গে কার্যক্রম পরিচালিত হচ্ছে। অভিযুক্ত ব্রিগেডিয়ারকে ইতিমধ্যে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং ঘটনার সত্যতা উদঘাটনে উচ্চপদস্থ তদন্ত বোর্ড গঠন করা হয়েছে। শাস্তিমূলক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: পুলিশের ৯ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বরখাস্ত সেনা সদস্যরা নিয়ম অনুযায়ী চিকিৎসা, সরকারি বাসস্থান বা অন্যান্য সুবিধা পান না। তবে মানবিক কারণে প্রাক্তন সেনা কর্মকর্তার সন্তানের এসএসসি পরীক্ষার জন্য তার পরিবারকে সাময়িকভাবে সরকারি বাসস্থানে থাকার অনুমতি দেওয়া হয়েছিল।

বাংলাদেশ সেনাবাহিনী নৈতিকতা ও শৃঙ্খলার প্রতি অঙ্গীকারাবদ্ধ উল্লেখ করে জানায়, এ ধরনের নীতিভ্রষ্ট কার্যক্রমে কোনো প্রশ্রয় দেওয়া হয় না। সকল অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *