ডাকসু-newsedge24

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) রিটার্নিং কর্মকর্তাদের সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। নির্বাচনের দিন (৯ সেপ্টেম্বর) তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে।

ডাকসুর রিটার্নিং অফিসার প্রফেসর ড. গোলাম রব্বানী জানান, ডাকসু নির্বাচনে নিরাপত্তার জন্য তিন স্তরের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রথম স্তরে প্রক্টরিয়াল বডি ও বিএনসিসি সদস্যরা ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন। দ্বিতীয় স্তরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নিরাপত্তায় সহযোগিতা করবে। ডিএমপি পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছে এবং ইতোমধ্যে কাজ শুরু করেছে। তৃতীয় স্তরে সেনাবাহিনী নির্দিষ্ট পয়েন্টে অবস্থান নিয়ে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। তারা ভোট গ্রহণ ও ব্যালটের নিরাপত্তা নিশ্চিত করবে।

বহিরাগত নিয়ন্ত্রণ:

  • ভোটের সাত দিন আগে থেকে (২ সেপ্টেম্বর) কোনো বহিরাগত হলে থাকতে পারবে না। হাউস টিউটর ও প্রভোস্টদের মাধ্যমে এটি নিশ্চিত করা হবে। নোটিশ ছাড়াই হঠাৎ পরিদর্শন পরিচালিত হবে।
  • ভোটের দিন পুরো ক্যাম্পাস সিলগালা থাকবে, এবং শুধুমাত্র বৈধ ভোটাররা প্রবেশ করতে পারবেন।
  • ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেট্রোরেল স্টেশন (টিএসসি) ভোটের দিন ও তার আগের দিন বন্ধ থাকবে।

আরও পড়ুন: ১০ টি প্যানেল ও রেকর্ড প্রার্থী নিয়ে জমে উঠেছে ডাকসু নির্বাচন

বিশ্ববিদ্যালয়ের অর্ধেকের বেশি শিক্ষার্থী অনাবাসিক। তাদের জন্য ভোটের দিন বিশ্ববিদ্যালয়ের পরিবহনের ট্রিপ সংখ্যা বাড়ানো হবে। ডিএমপি কমিশনারকে শিক্ষার্থীবাহী যানবাহনের চলাচল সহজ করার জন্য অনুরোধ করা হয়েছে।

অন্যান্য ব্যবস্থা:

  • নির্বাচনী প্রচারণা ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত। তবে ছাত্রী হলগুলোতে রাত ১০টার পর প্রচার নিষিদ্ধ।
  • ভোটার তালিকার গোপনীয়তা রক্ষায় নারী শিক্ষার্থীদের ছবি ও ব্যক্তিগত তথ্য সর্বজনীন প্রকাশ বন্ধ করা হয়েছে।
  • নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রার্থিতা বাতিল বা ছাত্রত্ব রদের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *