লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে কারাগারে প্রেরণ-newsedge24

শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত। শুক্রবার (২৯ আগস্ট) এই আদেশ দেওয়া হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) তৌফিক হাসান আসামিদের কারাগারে আটক রাখার আবেদন জানিয়েছিলেন। প্রসিকিউশনের পক্ষে এসআই জিন্নাত আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ‘মঞ্চ ৭১’ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে ‘আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের। তবে তিনি আসার আগেই একদল যুবক অনুষ্ঠানে হট্টগোল সৃষ্টি করে এবং আব্দুল লতিফ সিদ্দিকীসহ উপস্থিত ব্যক্তিদের বিরুদ্ধে স্লোগান দেয়। পরে পুলিশ তাদের হেফাজতে নিয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখায়।

মামলায় অভিযোগ করা হয়েছে, আব্দুল লতিফ সিদ্দিকী ‘মঞ্চ ৭১’-এর ব্যানারে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছেন এবং অন্যদের প্ররোচিত করেছেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন:

  • শেখ হাফিজুর রহমান (কার্জন), ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক
  • মো. আব্দুল্লাহ আল আমিন
  • মঞ্জুরুল আলম
  • কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল
  • গোলাম মোস্তফা
  • মো. মহিউল ইসলাম ওরফে বাবু
  • মো. জাকির হোসেন
  • মো. তৌছিফুল বারী খাঁন
  • মো. আমির হোসেন সুমন
  • মো. আল আমিন
  • মো. নাজমুল আহসান
  • সৈয়দ শাহেদ হাসান
  • মো. শফিকুল ইসলাম দেলোয়ার
  • দেওয়ান মোহম্মদ আলী
  • মো. আব্দুল্লাহীল কাইয়ুম

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক মেজবাহ কামাল এবং সাংবাদিক মনজুরুল ইসলাম পান্নাকে এই ঘটনায় পুলিশের হেফাজতে নেওয়া হয়েছিল।

আরও পড়ুন: লতিফ সিদ্দিকীসহ ১১ জনকে ডিবি হেফাজতে

শুনানির সময় আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জামিনের আবেদন করেন। তবে, আব্দুল লতিফ সিদ্দিকী আদালতের প্রতি আস্থার অভাব উল্লেখ করে জামিনের ওকালতনামায় স্বাক্ষর করেননি। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত সকল আসামির জামিন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *