সাবেক আইজিপি মামুন-newsedge24

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আজ রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেবেন, যিনি নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাই-আগস্ট ২০২৪-এ সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১১তম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। এই গুরুত্বপূর্ণ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আসামি হিসেবে রয়েছেন।

মামুন গত ১০ জুলাই ট্রাইব্যুনালে নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন। তিনি বলেন, “জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে হত্যা-গণহত্যার অভিযোগ সত্য। আমি রাজসাক্ষী হয়ে এই অপরাধের বিস্তারিত তুলে ধরতে চাই এবং আদালতকে সহায়তা করতে চাই।” তার এই আবেদন মঞ্জুর করেছে ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের পক্ষে শুনানি পরিচালনা করছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ এবং আবদুস সাত্তার পালোয়ান। শেখ হাসিনা ও আসাদুজ্জামানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন এবং মামুনের পক্ষে জায়েদ বিন আমজাদ উপস্থিত রয়েছেন।

আরও পড়ুন: সাবেক পুলিশ প্রধান আল মামুনকে রাজসাক্ষী হওয়ার শর্তে ক্ষমা করেছে ট্রাইব্যুনাল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১, চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে, এই মামলায় এখন পর্যন্ত ৩৫ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেছে। সাক্ষীদের মধ্যে রয়েছেন আন্দোলনে আহত ব্যক্তি, শহীদদের পরিবারের সদস্য, প্রত্যক্ষদর্শী এবং চিকিৎসক।

এই সাক্ষীরা জুলাই-আগস্টের আন্দোলনে সংঘটিত হত্যাযজ্ঞের জন্য শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *