চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড)-এ অবস্থিত অ্যাডামস ক্যাপ নামক হাসপাতাল সরঞ্জাম ও পোশাক তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে নয়তলা ভবনের ষষ্ঠ ও সপ্তম তলার স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়। কারখানাটিতে পাঁচ শতাধিক শ্রমিক কাজ করেন বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক জসিম উদ্দিন জানান, খবর পাওয়ার পর ইপিজেড, আগ্রাবাদ ও বায়েজিদ ফায়ার স্টেশন থেকে ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনীও যোগ দিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন চতুর্থ তলায় ছড়িয়ে পড়েছে। তবে আগুনের সঠিক কারণ এখনও নির্ধারণ করা যায়নি, তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
ইপিজেড থানার ওসি মোহাম্মদ জামির হোসেন জানান, “ষষ্ঠ ও সপ্তম তলায় স্টোর রুমে হাসপাতালের সরঞ্জামসহ বিভিন্ন উপকরণ রাখা ছিল। আগুন ছড়িয়ে চতুর্থ তলায় পৌঁছেছে। আগুনের খবরে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, এবং হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”
আরও পড়ুন: রাসায়নিক গুদামটি ছিল অবৈধ, ৩ বার নোটিশ দেওয়া হয়েছিল
ফায়ার সার্ভিস জানায়, দ্রুত উদ্ধার অভিযানের মাধ্যমে ২৫ জন শ্রমিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। আহত শ্রমিকদের চট্টগ্রামের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আগুনের তীব্রতার কারণে স্টোর রুমে থাকা উপকরণ দ্রুত জ্বলে যাওয়ায় আগুন ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।




























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































