দেশে প্রথমবারের মতো ই-পারিবারিক আদালত উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এর উদ্বোধনী অনুষ্ঠানে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, এই ডিজিটাল আদালতের মাধ্যমে পারিবারিক মামলার ভোগান্তি ও দুর্নীতি দুটোই কমবে, সেইসঙ্গে সময়ও বাঁচবে।
তিনি বলেন, “ই-পারিবারিক আদালতের মাধ্যমে নিঃসন্দেহে ভোগান্তি ও দুর্নীতি কমবে, সময়ও বাঁচবে। প্রধান উপদেষ্টার সবচেয়ে বড় অফিস হোয়াটসঅ্যাপ। তিনি হোয়াটসঅ্যাপেই বেশি কাজ করেন। কাজেই আমাদেরও ডিজিটাইলেশনের দিকে আগানো উচিত।”
আসিফ নজরুল জানান, পারিবারিক মামলায় বিনা পয়সায় লিগ্যাল এইড নেওয়া এখন বাধ্যতামূলক করা হয়েছে। বর্তমানে ২০ জেলায় চালু আছে, অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে ৬৪ জেলাতেই চালু করা হবে। তিনি আশা প্রকাশ করেন, “৫ বছরের মধ্যে মামলার জট ৫০ শতাংশ কমে যাবে।”
আরও পড়ুন: ভুয়া মামলা রোধে ফৌজদারি কার্যবিধিতে নতুন বিধান সংযোজন: আইন উপদেষ্টা
আইন উপদেষ্টা বলেন, “আইন মন্ত্রণালয়ে আমরা ২১টি রিফর্ম করেছি। আমরা আশা করি, আমাদের পরে যে রাজনৈতিক দল আসবে তারা দেশকে ভালোবেসে এগুলো ধরে রাখবে। পরবর্তী সরকারের প্রতি অনুরোধ – আমাদের উদ্যোগগুলো অব্যাহত রাখবেন।”
সিঙ্গাপুরের উদাহরণ টেনে তিনি বলেন, “সংস্কার রাতারাতি সম্ভব না। লি কুয়ান ইউর ১০ বছর লেগেছিল। যেটা দেশের মানুষ গ্রহণ করতে পারবে না, সেই সংস্কার করতে গিয়ে রাষ্ট্রকাঠামো দুর্বল করা যাবে না। সংস্কার বাস্তবায়নে বাস্তববাদী হতে হবে।”




























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































