আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন সীমানা নির্ধারণে বাগেরহাটের সংসদীয় আসন ৪টি এবং গাজীপুরের ৫টি বহাল করার রায় দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে নির্বাচন কমিশনের (ইসি) গেজেট বাতিল হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
১৯৬৯ সাল থেকে বাগেরহাটের ৪টি আসন ছিল- বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট), বাগেরহাট-২ (সদর-কচুয়া), বাগেরহাট-৩ (রামপাল-মোংলা), বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা)। গত ৩০ জুলাই ইসি খসড়া প্রকাশ করে বাগেরহাটের আসন কমিয়ে ৩টি করে। ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেটে এটি বহাল রাখে। গাজীপুরে ৫টি থেকে ৬টি করে। এর বিরুদ্ধে বাগেরহাটের স্থানীয় সংগঠনগুলো (প্রেস ক্লাব, বার অ্যাসোসিয়েশন, বিএনপি-জামায়াত) রিট দায়ের করে। ১৬ সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারি করে।
১০ নভেম্বর হাইকোর্ট রায় দেয় বাগেরহাটে ৪টি আসন বহাল, গাজীপুরে ৫টি, ২৪ ঘণ্টার মধ্যে গেজেট প্রকাশ করতে নির্দেশ। ইসি আপিল করে, আজ আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখে।
আরও পড়ুন: জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
ইসি জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেছিলেন, “হাইকোর্টের রায়ের অনুলিপি পেয়ে সিদ্ধান্ত নেব।” এখন রায় চূড়ান্ত হওয়ায় ইসিকে নতুন গেজেট প্রকাশ করতে হবে।



























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































