ডাকসু নেতাদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার বৈঠক-newsedge24

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ তিন দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধি দল। সোমবার দুপুর ২টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিনি কনফারেন্স রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ডাকসু নেতাদের তিন দাবি

  • ওসমান হাদির ওপর হত্যাচেষ্টায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার।
  • দেশব্যাপী অভিযান চালিয়ে সব অবৈধ অস্ত্র উদ্ধার।
  • আওয়ামীলীগের ‘সন্ত্রাসী’দের গ্রেপ্তার।

বৈঠকের আগে দুপুর ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা স্লোগান দেন। পরে দোয়েল চত্বর ও হাইকোর্ট মোড়ের দিকে অগ্রসর হলে পুলিশের বাধার মুখে পড়েন। একপর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও করেন। এরপরই বৈঠকের ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন: নির্বাচনকে সামনে রেখে আরও হত্যাকাণ্ডের আশঙ্কা মির্জা ফখরুলের

গত শুক্রবার বিজয়নগরে রিকশায় করে যাওয়ার সময় দুর্বৃত্তরা ওসমান হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তিনি এখন সিঙ্গাপুরে উন্নত চিকিৎসাধীন। ডাকসু নেতারা বলছেন, এই হামলা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বানচালের ষড়যন্ত্রের অংশ। তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *