বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছরের লন্ডন নির্বাসিত জীবন শেষ করে দেশে ফিরতে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন। আগামী ২৫ ডিসেম্বর তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন বলে জানা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, ট্রাভেল পাসের আবেদন ফরম পূরণ করে যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের কো-অর্ডিনেটর কামাল উদ্দিনের মাধ্যমে হাইকমিশনে পাঠিয়েছেন তারেক রহমান।
জানা যায়, ২০০৭ সালে গ্রেপ্তারের পর ২০০৮ সালে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। পরবর্তীতে শেখ হাসিনা সরকারের রোষানলে পড়ে তিনি পাসপোর্ট নবায়ন করতে পারেননি। রাজনৈতিক পরিবর্তনের পর এখন তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন: তারেক রহমান নিজেই জানালেন ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন
এর আগে তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিএনপি অভ্যর্থনা কমিটি গঠন করেছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে এবং সদস্যসচিব করা হয়েছে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে।



























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































