গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করছেন রাশেদ খান। তিনি বিএনপিতে যোগ দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে এক অডিও বার্তায় এ তথ্য জানান দলের সভাপতি নুরুল হক নুর। তবে নুর নিজে দলীয় প্রতীক ট্রাক মার্কায় নির্বাচন করবেন বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
নুর বলেন, “ফ্যাসিবাদের উত্তাল সময়ে বিএনপি গণঅধিকার পরিষদসহ প্রায় ৪২টি রাজনৈতিক দল ও জোট এক দফার দাবিতে যুগপৎ আন্দোলন করেছিলাম। সেই সময় থেকেই আলাপ-আলোচনা হয়েছে, দেশকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যে সংস্কার বাস্তবায়ন করব। সেই লক্ষ্যে আমরা একসঙ্গে নির্বাচন ও আগামীতে জাতীয় সরকার করব। যেহেতু আন্দোলনটি কার্যত বিএনপির নেতৃত্বে হয়েছে, সেই ক্ষেত্রে বিএনপি নেতৃত্ব দিয়েছে।”
আরও পড়ুন: নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান তারেক রহমানের
তিনি আরও বলেন, “আমরা রাশেদ খানকে নির্বাচনে জয়লাভের কৌশলের অংশ হিসেবে ধানের শীষে নির্বাচন করার অনুমতি দিয়েছি। সে গণঅধিকার পরিষদের পদত্যাগ করে বিএনপির সদস্যপদ নিয়ে নির্বাচন করবে। আমরা খুব দ্রুত একজনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেব।”

























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































