ঋণখেলাপির তালিকা থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। ফলে বগুড়া-২ আসন থেকে জাতীয় নির্বাচনে অংশ নিতে তার আর কোনো আইনি বাধা রইল না বলে জানিয়েছেন আইনজীবীরা।
এর আগে ঋণখেলাপির তালিকা থেকে নাম প্রত্যাহার ও সিআইবি স্থগিত চেয়ে মান্না হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট রিট খারিজ করলে তিনি চেম্বার আদালতে আপিল করেন। রবিবার শুনানি হয় এবং সোমবার আদেশের জন্য দিন ধার্য করা হয়।
উল্লেখ্য, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়া বড়গোলা শাখা খেলাপি ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা আদায়ে গত ১০ ডিসেম্বর মান্নার নেতৃত্বাধীন আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডকে ‘কলব্যাক নোটিশ’ পাঠায়। নোটিশে ১৮ ডিসেম্বরের মধ্যে বকেয়া পরিশোধের নির্দেশ দেওয়া হয়।
প্রতিষ্ঠানটিতে মান্নার ৫০ শতাংশ, ব্যবস্থাপনা পরিচালক এ বি এম নাজমুল কাদির শাজাহান চৌধুরীর ২৫ শতাংশ এবং তার স্ত্রী ইসমত আরা লাইজুর ২৫ শতাংশ অংশীদারিত্ব রয়েছে।
আরও পড়ুন: আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান
গত বুধবার হাইকোর্ট মান্নার রিট খারিজ করে দেন। চেম্বার আদালতের এই আদেশের ফলে তার নির্বাচনী অংশগ্রহণের পথ খুলে গেল।



























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































