বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আরও ছয়টি গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার সেনা সদর দপ্তর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য নিশ্চিত হয়েছে।
এর আগে গত রোববার সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও ৮টি পদে রদবদল হয়েছিল। এই দ্বিতীয় দফা পরিবর্তন চলমান পুনর্বিন্যাসের অংশ।
- ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) নিয়োগ দেওয়া হয়েছে। তিনি পূর্বে সিজিএস ও এমজিও পদেও দায়িত্ব পালন করেছেন।
- বর্তমান কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমানকে এনডিসির কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে।
- সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের (এমআইএসটি) কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
- ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ হোসেন আল মোরশেদকে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) নিয়োগ দেওয়া হয়েছে।
- বর্তমান অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামানকে এমআইএসটির কমান্ড্যান্ট করা হয়েছে।
- ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিক এরিয়ার জিওসি হিসেবে বদলি করা হয়েছে।
আরও পড়ুন: সেনাবাহিনীর শীর্ষ পদে বড় রদবদল
এই রদবদলগুলো নতুন সরকারের অধীনে সেনাবাহিনীর প্রশাসনিক ও অপারেশনাল কাঠামোতে সংস্কারের অংশ। সেনা সদর থেকে জানানো হয়েছে, এসব পরিবর্তন অবিলম্বে কার্যকর হবে।



























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































