দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের বিশেষ ‘অস্থায়ী ছাড়’ চেয়েছে বাংলাদেশ। বুধবার সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই আনুষ্ঠানিক অনুরোধের কথা জানান। ভারতের দৃষ্টান্ত টেনে তিনি বলেন, ওয়াশিংটন যেন ঢাকার আবেদনটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।
বর্তমান বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের বাজার যখন অস্থির, তখন দেশের অভ্যন্তরীণ অর্থনীতিকে সচল রাখতে বিকল্প উৎসের সন্ধানে নেমেছে সরকার। রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রতিবেশী দেশ ভারত যেভাবে মস্কো থেকে অপরিশোধিত তেল আমদানিতে ছাড় পেয়েছে, ঠিক একই ধরনের সুযোগ এখন বাংলাদেশেরও কাম্য।
বুধবার মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই বিষয়টি অত্যন্ত জোরালোভাবে উত্থাপন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। ভারতকে যদি রাশিয়ার তেল কেনার জন্য বিশেষ ছাড় দেওয়া হয়ে থাকে, তবে বাংলাদেশের ক্ষেত্রেও সেই একই নীতি প্রযোজ্য হওয়া উচিত। বৈশ্বিক সংকটের এই সময়ে আমাদের অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখা বড় চ্যালেঞ্জ।”
তিনি আরও বলেন, “আমাদের অর্থনীতির প্রবৃদ্ধির চাকা সচল রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ অপরিহার্য। মার্কিন কর্মকর্তাদের আমরা জানিয়েছি যে, সাশ্রয়ী মূল্যে জ্বালানি পাওয়া আমাদের অধিকার এবং প্রয়োজনীয়তা। তারা আমাদের কথা মন দিয়ে শুনেছেন এবং অনুরোধটি ওয়াশিংটনে পাঠানোর আশ্বাস দিয়েছেন।”



























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































