অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
গত রোববার (১৭ মে) অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনামলের কর্মকাণ্ড তদন্তের দাবিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আজকের দিন আদেশের জন্য ধার্য করেছিলেন।
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশীদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
শুনানি শেষে আইনজীবী এম কে রহমান বলেন, “অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে অর্থনীতি, স্বাস্থ্যসহ দেশের সর্বক্ষেত্রে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ‘কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট’ অনুযায়ী তদন্ত কমিশন গঠন করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার এটিকে উপেক্ষা করতে না পারে।”
রিটকারী অপর আইনজীবী মহসিন রশীদ বলেন, “এই সময়ে যা কিছু ঘটেছে, তার সুষ্ঠু তদন্ত চেয়েছি। তদন্ত কীভাবে হবে তা সরকারই ঠিক করবে।”




























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































