তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক যুগে ডেটা বা উপাত্ত ছাড়া যেকোনো তথ্য কেবল ব্যক্তিগত অভিমত বা ধারণা মাত্র। তিনি বলেন, সঠিক উপাত্ত ছাড়া জনসংযোগ বা প্রচার কৌশল ভিত্তিহীন হয়ে পড়ে। তাই জনসংযোগ কর্মকর্তাদের যেকোনো বার্তা তৈরিতে সুনির্দিষ্ট ও বস্তুনিষ্ঠ উপাত্তের ওপর নির্ভর করতে হবে।
আজ সকালে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের (পিআরও) প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “বর্তমান যুগ নিখুঁত উপাত্তের যুগ। মাঠপর্যায়ে কী কাজ করছেন বা সরকারের বার্তা জনগণের কাছে কীভাবে পৌঁছাচ্ছে, তা শুধু মুখের কথা বা ধারণার ওপর ভিত্তি করে নিরূপণ করা যায় না। তথ্যের গ্রহণযোগ্যতা ও সত্যতা নিশ্চিত করতে তার পেছনে অবশ্যই অকাট্য উপাত্ত থাকতে হবে।”
তিনি আরও বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মের কন্টেন্ট বিশ্লেষণ করে ‘সাইকোগ্রাফি’ ও ডিজিটাল ফুটপ্রিন্টের মাধ্যমে জনমতের নিখুঁত গ্রাফ তৈরি করা সম্ভব। এই বৈজ্ঞানিক উপাত্ত ব্যবহার করে নেতিবাচক প্রচারণা মোকাবিলা ও পারসেপশন ম্যানেজমেন্ট করতে হবে।
জহির উদ্দিন স্বপন জনসংযোগ কর্মকর্তাদের ‘ডিজিটাল ফোর্স’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, উপাত্তভিত্তিক প্রচারণাই পারে বিভ্রান্তি দূর করে জনমনে সঠিক ধারণা তৈরি করতে।
আরও পড়ুন: যেখানেই মব হবে, সেখানেই অ্যাকশনে যাবে পুলিশ: ডিএমপি কমিশনার
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম ও মো. ইয়াসীন উপস্থিত ছিলেন।



























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































